বিশ্বাসঘাতকরা নন সংগ্রামীরাই ইতিহাস গড়েন, সৌগত রায়
দি নিউজ লায়নঃ বিশ্বাসঘাতকরা নন , সংগ্রামীরাই ইতিহাস গড়েন । নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয়ী হয়ে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সেই ইতিহাস গড়বেন।
বুধবার দাঁতন ও চন্দ্রকোনায় দুটি নির্বাচনী সভা করে এই বার্তা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তিনি ও সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব এদিন হেলিকপ্টার চড়ে প্রথমে যান দাঁতনের দুই নম্বর ব্লকের তুরকা এলাকায় । এখানে তৃণমূল প্রার্থী বিক্রম প্রধানের সমর্থনে তারা সভা করেন । এই সভা শেষ করে বিকেলে তাঁরা চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়ার সমর্থনে জাড়া গ্রামে একটি সভা করেন ।সভা শেষে রোড শো করেন ।
শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে দুধ , মধু সব ভোগ করা বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে সৌগত রায় জানান , অনেকে মমতাকে ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হতে বলেছিলেন । তিনি রাজি হননি । তিনি জানিয়েছেন যে নন্দীগ্রামে কৃষকদের জমি রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম সেখান থেকেই লড়বেন । আর নন্দীগ্রামে অধিকারী পরিবার হারছে এটা নিশ্চিত হয়ে গেছে ।
তিনি বলেন , নন্দীগ্রামে মমতার পায়ে আঘাত লাগার পর ওঁরা ভেবেছিলেন উনি আর প্রচার করতে পারবেন না। তা হয়নি ,উনি ভাঙা পা নিয়েই হুইল চেয়ারে বসে প্রচার করছেন ।
দিল্লি থেকে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যে বাংলার ভালো চান না তা উল্লেখ করে তিনি জানান , এবারের নির্বাচন বাঙালির অস্মিতা রক্ষার লড়াই । আত্মমর্যাদা রক্ষার লড়াই ।বাংলা বাঙালির কথায় চলবে না , দিল্লির কথায় চলবে এর লড়াই । তাই বাংলা নিজের মেয়েকেই চাই ।
গত তিনদিন ধরে প্রার্থী নিয়ে যেভাবে কলকাতায় বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ চলেছে একে কটাক্ষ করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানান , প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে সাংসদ দের প্রার্থী করেছে বিজেপি । দিলীপ ঘোষ দাঁড়ালে তাঁর হার নিশ্চিত তাই তিনি প্রার্থী হতে চাননি ।
সভায় আসা হাজার হাজার মানুষের সামনে তিনি প্রশ্ন তোলেন , যিনি রাজ্যের ১০ কোটি মানুষকে খাদ্যসাথী , স্বাস্থ্যসাথী , ৫৯ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী , ৮৪ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল , ৯ লক্ষ ছাত্রছাত্রীকে স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা , লোকশিল্পীদের ভাতা , ইমাম দের ভাতা , পুরোহিতদের ভাতা দিয়েছেন , ৬৭ টি প্রকল্প চালু করেছেন সেই মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না যে নরেন্দ্র মোদী পেট্রোলের দাম ৯১ টাকা , ডিজেলের দাম ৮৪ টাকা , রান্নার গ্যাসের দাম ৮৪৫ টাকা করেছেন , কৃষিবিল এনে কৃষকদের সর্বনাশ করেছেন তাঁকে ভোট দেবেন ?
সৌগত রায় বলেন , মোদী থাকা মানে সাম্প্রদায়িক শক্তি শক্তিশালী হবে , দাঙ্গা হবে । পুঁজিপতিদের পকেট ভারী হবে । আর মমতা থাকা মানে বিনেপয়সায় রেশন , বিণে পয়সায় স্বাস্থ্য , বিনেপয়সায় শিক্ষা আর উন্নয়নে ভরে উঠবে বাংলা ।
সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী জানান , তিনি ২০১৪ সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত । মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি করোনার সময় হোক বা আমফান , রাস্তায় নেমে মানুষের পাশে থেকে সেবা করেছেন । উনি বাংলার উন্নয়নের কথা ভাবেন । উন্নয়ন করে দেখিয়েছেন ।
বিজেপি বাংলায় হিন্দু , মুসলিম বিভাজন করে ভোট চাইছে । সাম্প্রদায়িক বিভেদ তৈরী করছে ।এই অভিযোগ করে জানান , নির্বাচন উন্নয়ন নিয়ে হোক , মন্দির - মসজিদ , হিন্দু - মুসলিম নিয়ে নয় । এর পাশাপাশি তাঁকে বলতে শোনা যায় , ' আমাদের হিন্দুত্ব শেখাতে এসো না । বাংলায় বারো মাসে তেরো পার্বনে যত দেবদেবীর পুজো হয় সারা ভারতবর্ষে কোথায় তা হয়না ।
Post a Comment